বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের ওজন স্টেশনের মালবাহী পরিবহনের ওজন পরিমাপক যন্ত্র বিকল হয়ে পড়েছে। ফলে সোমবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক চলাচল ব্যাহত হয়। এ কারণে দীর্ঘ ভোগান্তীতে পড়তে হয় সেতু দিয়ে চলাচলরত যানবাহনগুলোর।
সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কালিহাতীর সড়াতৈল পর্যন্ত গাড়িগুলো থেমে থেমে চলে। এতে প্রায় দীর্ঘ ৮ কি.মি যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে যানবাহনের চাপ কমে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজার তিনটি ওজন স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে পড়েছে। বাকি দু’টিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ে। এ কারণে সেতুর পূর্বপাড়ের ওজন স্টেশন এলাকায় শতশত ট্রাক আটকা পড়ে গেছে। তবে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টায় যানজট নিরসন করা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, ওজন স্টেশন এর যন্ত্রপাতি ঠিক আছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।







