বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার রাজাবাজারে ভ্রাম্যমান আদালত ক্ষতিকারক কেমিক্যাল মাখানো দেড় মণ চিংড়ি জব্দ করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাশ্বের আলম পরিচালিত এ অভিযানে জেলি মাখানো বড় সাইজের বাগদা ও গলদা চিংড়ি বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের পর মাছ ব্যবসায়ীদের দেয়া তথ্য থেকে জানা যায়, খুলনা অঞ্চলের একটি চিংড়ি ব্যবসায়ী চক্র বিশেষ পদ্ধতিতে ময়দার সঙ্গে কেমিক্যাল মিশিয়ে এক ধরণের জেলি তৈরী করে। সিরিঞ্জের মাধ্যমে বড় সাইজের বাগদা ও গলদা চিংড়ির মগজ বের করে সেখানে জেলি পুশ করে। শুধু মাথায়ই নয় শরীরের অন্যান্য অংশেও জেলি মিশিয়ে বাড়ানো হয় মাছের ওজন।
এছাড়াও জেলির সঙ্গে প্রিজারভেটিভ মেশানোর কারণে জেলি মিশ্রিত চিংড়ি দীর্ঘ দিন ধরে সংরক্ষণও করা যায় বলে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা লাভের আশায় এই জেলি মেশানো চিংড়ি ব্যবসায় বিশেষ আগ্রহী হয়েছে।







