ঢাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তানের জিপিও লিংক রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুলসংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
সায়েদাবাদ বাস টার্মিনালে টানা দ্বিতীয় দিনের মতো পরিচালিত অভিযানে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।
এর আগে ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের বৈঠকে টার্মিনালের বাইরে থাকা সব অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং ভেতরে সুশৃঙ্খলভাবে কাউন্টার বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই অভিযান।
অন্যদিকে গুলিস্তানের বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান ও স্থাপনাগুলো উচ্ছেদ করায় পথচারীদের চলাচল সহজ হয়েছে।
এদিকে নগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএসসিসি একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে। এতে বলা হয়েছে, সিটি করপোরেশনের আওতাধীন কোনো শপিংমল বা মার্কেটের সামনে ফুটপাতে মালামাল রাখা যাবে না। দখলদারদের নিজ উদ্যোগে দ্রুত মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে।







