ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেটগামী কুশিয়ারা ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল ১০টার দিকে রশিদপুর রেলস্টেশনের আউটার সিগনালের কাছে এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়েছে।
সিলেট রেলস্টেশনের ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান: আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা রশিদপুর স্টেশন অতিক্রম করে আউটারে গেলে হঠাৎ ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
লাইনচ্যুত বগি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।







