বক্স অফিসে তিন ছবির টক্কর, এগিয়ে রজনীকান্ত

Image features posters of three films: Darbar, Chhapaak, and Tanhaji, highlighting diverse genres and stars. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতীয় সিনেমায় ২০১৯ সালকে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ মনে করছেন বিশ্লেষকরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরের শুরুতেই নতুন সিনেমার রমরমা! মুক্তির মিছিলে আছে বিগ বাজেটের বেশ কিছু ছবি। বছরের দ্বিতীয় শুক্রবারে মুক্তি পেল তিনটি আলোচিত ছবি! মুক্তির প্রথম দিনে বক্স অফিসেও যেগুলো দুর্দান্ত ব্যবসার ইঙ্গিত দিয়েছে!
শুক্রবার মুক্তি পায় ওম রাউত পরিচালিত অজয়-কাজল জুটির প্রতীক্ষিত ছবি ‘তানাজি’, প্রখ্যাত নির্মাতা এ আর মুরোগাদুসের পরিচালিত রজনীকান্তের ছবি ‘দরবার’ এবং মেঘনা গুলজার পরিচালিত দীপিকা পাডুকোন অভিনীত বহুল আলোচিত ছবি ‘ছপাক’। মুক্তির প্রথম দিনে তিনটি ছবির বক্স অফিসের দিকেই চোখ ছিলো সিনে আলোচকদের। পূর্ব ধারণা অনুযায়ি তিনটি ছবিই ভালো ব্যবসা করেছে!
এরমধ্যে অজয়-কাজল ও সাইফ আলী খান অভিনীত ১২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘তানাজি’ মুক্তির প্রথম দিনে আয় করে ১৫ কোটি রুপি। শুধু ভারতেই এই ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ৪ হাজার পর্দায়।
এদিকে ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘ছপাক’ মুক্তির প্রথম দিনে আয় করে সাড়ে ৪ কোটি রুপি। ছবিটি ভারতের ১৭০০ পর্দায় মুক্তি পেয়েছে।
তবে বক্স অফিসে এগিয়ে রজনীকান্তের ‘দরবার’। প্রায় ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি মুক্তির প্রথম দিনে সারা বিশ্ব জুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ৫১ কোটি রুপি। যেখানে শুধুমাত্র ভারতেই ছবিটি আয় করেছে ৩২ কোটি রুপি। এছাড়া তামিলনাড়ু ও তেলেগু রাজ্যেও ‘থালাইভা’ এর ‘দরবার’ বেশ বড় দান মেরেছে।
‘দরবার’ ছবিতে তামিল সুপারস্টার রজনীকান্ত একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। এই চরিত্রে অভিনয় করার মাধ্যমে ২৫ বছর পর পুলিশের চরিত্রে ফিরলেন রজনীকান্ত। ছবিটির প্রযোজনা করেছেন লাইকা প্রডাকশন এবং পরিচালনা করেছেন বিখ্যাত সিনেমা নির্মাতা এ আর মুরুগাদস। এ আর মুরুগাদসের সঙ্গে রজনীকান্তের এটাই প্রথম কাজ।
ইতোমধ্যেই টুইটারে ‘দরবার’এর প্রশংসা উপচে পড়ছে। সিনেপ্রেমীদের থেকে তো বটেই ছবি সমালোচকদের থেকেও ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। রজনীকান্তের অভিনয়ের প্রশংসা করে টুইটার ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ব্লকবাস্টার হতে চলেছে এই ছবি।






