বইমেলায় ভ্রাম্যমাণ আদালত, সেই ভিডিও দেখলেন হাইকোর্ট
৭ দিনের মধ্যে ভিডিওটি সরানোর নির্দেশ

ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে একটি মূর্তি ও গাড়ির সারি দেখা যাচ্ছে, ভবনটি বিশাল ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বইমেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের সঙ্গে তর্কে জড়ানো মডেল ও অভিনেত্রী নাজিফা তুষির সেই ভাইরাল ভিডিওটি দেখলেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চকে ভিডিওটি দেখান তুষির ঘটনা নিয়ে রিটকারী আইনজীবী বদরুদ্দোজা বাবু। এসময় আদালত আইনজীবীর মোবাইলে থাকা ভিডিওটি দেখেন।
এরপর আদালত ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ৭ দিনের মধ্যে অপসারণ বিটিআরসির প্রতি নির্দেশ দেন। এছাড়া আদালত বলেন, ‘যদি ওই নারী মনে করে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডটি আইন অনুযায়ী হয়নি, তাহলে সে উপযুক্ত আদালতে প্রতিকার চাইতে পারেন।’
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারি
আইনজীবী বদরুদ্দোজা বাবু। এসময় আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব।
মাস্ক না পরে বইমেলায় ঘোরাঘুরি করায় ২০ ফেব্রুয়ারি নাজিফা তুষিকে দুইশ টাকা অর্থদণ্ড দেয় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময়ের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সে ভিডিওতে দেখা যায় দণ্ড দেওয়ার আগে নির্বাহী হাকিমের সঙ্গে তর্ক করছেন তুষি। টেলিভিশন সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করলে উত্তেজিত হয়ে তিনি হাকিমকে বলেন, তাকে জনপরিসরে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?
এ সময় মনীষা রানী কর্মকার বলেন, ‘এটা একটি আদালত পরিচালনা হচ্ছে, এটা কোনো শুটিং নয়। আপনি স্বাস্থ্যবিধি মানছেন কি না, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা দেখছি। আপনাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড দিচ্ছি।’
পরে মাস্ক না পরার জন্য দুঃখ প্রকাশ করে অর্থদণ্ড পরিশোধ করেন তুষি।






