ক্রিকেট

জ্বরে এশিয়ান গেমস না খেলে ফিরে আসছেন শান্ত

জ্বরে এশিয়ান গেমস না খেলে ফিরে আসছেন শান্ত

এশিয়ান গেমস খেলতে জাপানে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভালো ফর্মে থাকায় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টুয়েন্টির দলে জায়গা করে নিয়েছিলেন বাঁহাতি ব্যাটার ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দীর্ঘস্থায়ী জ্বরে আক্রান্ত হওয়ায় না খেলেই তাকে দেশের পথ ধরতে হচ্ছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বর না কমায় ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ২০তম এশিয়ান গেমস থেকে ছিঁটকে গেছেন। দলের সঙ্গে নাগোয়ায় পৌঁছানোর পর থেকেই শান্তর জ্বর ছিল এবং পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজেদুল ইসলাম খান শান্তকে নিয়ে বলেন, ‘আমরা পৌঁছানোর পর থেকেই শান্ত জ্বরে ভুগছিলেন। ইতিমধ্যে চার দিন হয়ে গেছে, কিন্তু জ্বর কমেনি। এটি একটি মৃদু জ্বর (লো-গ্রেড ফিভার) এবং এখানে পরীক্ষা করার পর সংক্রমণের প্রমাণ মিলেছে। যদিও ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেতিবাচক এসেছে।’

‘তিনি স্বাভাবিকভাবেই বেশ দুর্বল হয়ে পড়েছেন এবং এই গেমসের কোনো ম্যাচেই খেলার মতো ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই তিনি দেশে ফিরে যাচ্ছেন।’

এশিয়ান গেমসে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। মঙ্গলবার বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। জিতলে প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

বিষয়:এশিয়ান গেমসপাকিস্তানবাংলাদেশশান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…