নাপিত থেকে ‘ভারত সেরা নাচিয়ে’ রিতেশ

একসময় ছিলেন নাপিত, মানুষের চুল-দাড়ি কাটতেন। সেই সেলুন থেকে নাচের চর্চা, আর এখন তিনি ভারতের ‘সেরা নাচিয়ে’। জীবন যেন স্বপ্নের মতোই বদলে গেল তার।
বলছি, জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ’ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ এর বিজয়ী রিতেশ পালের কথা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কয়েক মাসের লড়াই শেষে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয়ী হন রিতেশ ও তার কোরিওগ্রাফার প্রতীক উতেকর।
পুরস্কার হিসেবে রিতেশ পেয়েছেন ১৫ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৯ লাখেরও বেশি।
গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহা। চূড়ান্ত পর্বের পরিবেশনা শেষে বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস রিতেশকেই বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ের পর রিতেশ বলেন, নাচ সবসময়ই তার ভালোবাসা। এই প্রতিযোগিতার শিরোপা জয় তার কাছে স্বপ্নপূরণের মতো। পুরো যাত্রায় বিচারকদের দিকনির্দেশনা এবং কোরিওগ্রাফার প্রতীক উতেকরের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
তবে ১৫ লাখ রুপি জয়ের পর রিতেশের সবচেয়ে বড় পরিকল্পনা নিজের জন্য নয়, মায়ের জন্য। এই অর্থ দিয়ে মায়ের জন্য বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার। বাড়ি তৈরির জন্য আরও অর্থ প্রয়োজন হওয়ায় ধীরে ধীরে তা জমাবেন বলে জানিয়েছেন তিনি। শুধু বাড়ি বানানোর স্বপ্নই নয়, সেটির নামও ঠিক করে রেখেছেন রিতেশ ‘হরিদর্শন’। ইকোনোমিক টাইমস



