আন্তর্জাতিক

ফ্লিন-তদন্ত বন্ধে এফবিআই’কে চাপ দেয়ার কথা ট্রাম্পের অস্বীকার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের অস্বীকারের পর ফ্লিন-তদন্ত বন্ধে এফবিআই’কে চাপ দেয়ার কথা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্তকাজ বন্ধ করতে এফবিআই’কে চাপ দেয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছেন।

রোববার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের আগের সুনাম এখন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

শুক্রবার রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার করেন ফ্লিন। দোষ স্বীকার করতে চান কি না আদালতের এমন প্রশ্নের জবাবে সম্মত হন তিনি। জ্ঞাতসারে এফবিআই-এর কাছে ফ্লিন মিথ্যা, কাল্পনিক ও প্রতারণামূলক বিবৃতি দেয়ার কথা স্বীকার করেন। একই সঙ্গে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে এখন থেকে সব রকমের সহযোগিতা করতেও রাজি হন ফ্লিন।

বিবিসি জানায়, মাইকেল ফ্লিন রাশিয়া তদন্তের প্রধান স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের সঙ্গে সহযোগিতা ও স্বীকারোক্তির বিনিময়ে একটি চুক্তি করেন, যে চুক্তি অনুসারে তার সাজা  ছয় মাস কমিয়ে দেয়ার প্রস্তাব হয়েছে।

এর প্রতিক্রিয়ায়ই শুরু হয় ট্রাম্পের ‘টুইট-হামলা’। শনিবার জনপ্রিয় সামাজিক মাইক্রোব্লগিং নেটওয়ার্ক টুইটারে তিনি দাবি করেন, নির্বাচন পরবর্তী ট্রানজিশন টিমের সদস্য হিসেবে মাইকেল ফ্লিনের রাশিয়ার সঙ্গে যোগাযোগ আইনসিদ্ধ ছিল।

টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি জেনারেল ফ্লিনকে বরখাস্ত করেছিলাম কারণ তিনি ভাইস প্রেসিডেন্ট এবং এফবিআইয়ের কাছে মিথ্যা কথা বলেছিলেন। সেসব মিথ্যা কথা এবার তিনি স্বীকার করেছেন। এটা খুবই লজ্জাজনক, কেননা ট্রানজিশন টিমের সদস্য থাকা অবস্থায় তার কর্মকাণ্ড আইনসিদ্ধ ছিল। সেখানে লুকানোর মতো কিছু ছিলই না!’

ট্রাম্পের এই বক্তব্য সরাসরি বিচার প্রক্রিয়ায় বাধাদানের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কারণ এর আগে যখন প্রথম মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ উঠল, তখন তা পুরোপুরি অস্বীকার করেছিলেন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠেছে, ট্রাম্প যদি আগে থেকেই জানতেন ফ্লিন মিথ্যে বলছেন এবং সেজন্যই তিনি তাকে বরখাস্ত করেছিলেন, তাহলে তৎকালীন এফবিআই প্রধান জেমস কোমিকে কেন ট্রাম্প ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চাপ দিয়েছিলেন?

আর এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট কোমিকে চাপ দেয়ার বিষয়টি অস্বীকার করেন।

ট্রাম্পের দাবি, নির্বাচনে জেতার জন্য তার নির্বাচনী শিবির রাশিয়ার সঙ্গে কোনো রকম যোগসাজশ করেনি। রোববার স্থানীয়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
মাইকেল ফ্লিন

সময় সকাল থেকে আবারও দফায় দফায় টুইটবার্তা পোস্ট করতে থাকেন তিনি। সেখানে তিনি সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আক্রমণ করেও কথা বলেন।

হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে দাপ্তরিক কাজ করেছেন বলে প্রকাশ পাওয়ার পর এফবিআই এ নিয়ে তদন্তে নামে। সেই তদন্ত শেষে হিলারি কাজটা ঠিক করেননি বললেও তার বা তার টিমের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

এ ব্যাপারে টুইটারে ট্রাম্প বলেন, ‘ক্লিনটনকে নিয়ে ভুয়া ও অসৎ তদন্ত (এবং এমন আরও) করা কোমি বহু বছর ধরে এফবিআইকে চালানোর পর এর সুনাম এখন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে – প্রতিষ্ঠানটির এখনকার অবস্থা ইতিহাসে নিকৃষ্টতম! তবে ভয় নেই, আমরা আবার একে আগের শেষ্ঠত্বে ফিরিয়ে নিয়ে যাবো।’

কয়েক মাস আগে মুয়েলারের তদন্ত দল থেকে এক বর্ষীয়ান এফবিআই এজেন্টকে বের করে দেয়া হয়েছিল। স্পেশাল কাউন্সেলের কার্যালয়ের মুখপাত্র পিটার স্ট্রোক অনেকের কাছেই ট্রাম্পবিরোধী ক্ষুদেবার্তা পাঠাচ্ছেন বলে আবিষ্কার হওয়ার পর তাকে তদন্ত দল থেকে সরিয়ে দেয়া হয় বলে এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এটা নিয়েও তিরস্কার করেন ট্রাম্প।

তবে ডোনাল্ড ট্রাম্পের অব্যাহতভাবে চালানো টুইট বার্তা নিয়ে কংগ্রেসের অনেক সদস্যই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেক ডেমোক্রেট সদস্য মনে করছেন, এর ফলে তদন্ত বা ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামও বলেছেন, টুইট করা নিয়ে ট্রাম্পের আরও বেশি সতর্ক হওয়া উচিত।

বিষয়:এফবিআই জেমস কোমি ডোনাল্ড ট্রাম্প মাইকেল ফ্লিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…