ভক্তদের বড়দিনের বড় উপহার দেয়ার জন্য গত ২১ ডিসেম্বর সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি দেয়া হয়েছে শাহরুখ খান অভিনিত ‘জিরো’। এর মধ্যে ১৫৮৫টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তি প্রাপ্ত এই ছবিটি নিয়ে বিশ্লেষকগণ সহ দর্শকরা বেশ আশাবাদী থাকলেও ছবিটি মন জয় করতে পারেনি কারো।
দর্শক ও সমালোচকের নেগিটিভ রিভিউ ছাড়াও বক্স অফিসেও তেমন সুবিধা করতে পারেনি ‘জিরো’। মুক্তির চারদিনে ভারতের বক্স অফিসে ছবিটি আয় করেছে মাত্র ৫৯ কোটি রুপি। যা রীতিমত ‘জিরো’র মতো বিগ বাজেটের ছবির জন্য চরম হতাশার।
তবে বিশ্বব্যাপী ছবিটি মোটামুটি ভালো করছে। এখন পর্যন্ত আয় করেছে ১০৭কোটি রুপি। যা চলতি বছর বিশ্বব্যাপী ১০০কোটি রুপি আয় কৃত বলিউডের ষষ্ঠ ছবি।
এর আগে এবছর মুক্তিপ্রাপ্ত পদ্মাবত, বাঘি-টু, রেস-থ্রি, সঞ্জু ও থাগস অব হিন্দুস্থানের মত ছবিও বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে সব মিলিয়ে ‘জিরো’র তুলনায় বাকি পাঁচটি ছবি আয়ের দিক থেকে অনেক এগিয়ে আছে।
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিটিতে শাহরুখ এর সঙ্গে ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং বিজ্ঞানী আফিয়ার চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা।
তবে জিরো সংশ্লিষ্টরা বড়দিনের দিকে তাকিয়ে আছেন। আজকের দিনটিই ‘জিরো’ বক্স অফিসের হিসেবে চূড়ান্ত করে দিবে যে, ছবিটি নির্মাণ ব্যয় উঠিয়ে আনতে পারবে কিনা! নাকি থাগস অব হিন্দুস্তানের মতো ফ্লপের পথেই যাবে!







