সেই ২০১১ সাল থেকে কান মাতাচ্ছেন সোনম। ল’রিয়াল–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কখনো নিরাশ করেননি ভক্তদেরকে। প্রতি বারই ভক্তদের নতুন চমক দিয়েছেন তিনি। তবে এতবার কান উৎসবে অংশ নেওয়ায়, কান নিয়ে বাড়তি কোনো চাপ নেন না তিনি। সোনমের বোন রিয়া কাপুর জানালেন, সোনম নাকি কান শহরে যান ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার উদ্দেশ্যে!
কান শহরে গেলে দারুণ সময় কাটে সোনম এবং তার বোন রিয়া কাপুরের। সোনাম বলেন, ‘আমি মনে করি কান উৎসব মজা করা উচিত এবং খুব বেশি গুরুত্ব দিয়ে ঘাবড়ে যাওয়া উচিত না। আমার সঙ্গে আমার টিম আছে, আমার স্টাইলিস্ট বোন আছে। আমার বোন আমার সবচেয়ে ভালো বন্ধু।’
রিয়া কাপুর বলেন, ‘কানে সোনম সাত বছর ধরে অংশ নিচ্ছেন। কান নিয়ে এখন আর অস্থিরতা নেই সোনমের। আমরা এক রুমে চারদিন ঘুমাব এবং ফ্রেঞ্চ ফ্রাই খাব।’
এরপর রিয়া কাপুর জানান, সোনম এবং তিনি কানে যান অবসর উপভোগ করতে এবং লাল গালিচায় ছবি তুলতে। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া এবং হোটেল রুমে পাজামা পরে বিশ্রাম নেওয়াই থাকে তাদের মূল উদ্দেশ্য।
বোনের কথায় সম্মতি দিয়ে সোনম বলেন, ‘আর হ্যাঁ, আমরা দিনের বেলা কেনাকাটা করি এবং দারুণ সব ফিল্ম দেখি। এতে আমাদের সম্পর্ক আরও মজবুত হয়। আসলে দুই বোন মিলে এমন অবসর অন্য সময় পাই না।’
সোনম কাপুর এবার কানে যাওয়ার আগে বলেছিলেন তিনি প্রস্তুত নন কান-এর জন্য। কিন্তু তার ছবি দেখে তেমনটা মনে হয়নি। কোনো গাউন নয়, শাড়িতেই দেখা দিলেন সোনম। সমুদ্রের তীরে নীল ও ধূসর রঙের প্রিজমেটিক শাড়ির সাথে পরেছেন সাদা রঙের স্পোর্টি লুক ব্লাউজ। সোনমের চুল এবং মেকআপ করেছেন নম্রতা সোনি। সব মিলিয়ে দারুণ দেখাচ্ছিল সোনমকে। ইন্ডিয়া টুডে।







