ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিলনের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে তাদের এক শরীক দল ইউডিআই। এতে নির্বাচনী প্রচারণায় বেশ বড় বাধার মুখে পড়তে হচ্ছে তাকে।
পার্লামেন্টের নিম্ন কক্ষে মধ্যপন্থি ইউডিআই-এর ২৭ জন সংসদ সদস্য রয়েছে। সমর্থন সরিয়ে নেয়ার ব্যাপারে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে দলটি।
ভুয়া চাকরি সংক্রান্ত একটি ঘটনায় ফ্রাঁসোয়া ফিলনের স্ত্রী জড়িত- এমন অভিযোগে ফিলনের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্ত চলছে। এই তদন্তের পরিপ্রেক্ষিতেই সমর্থন ফিরিয়ে নিয়েছে ইউডিআই। তবে অভিযোগটি বরাবরই অস্বীকার করেছেন ফিলন।
এছাড়াও ফিলনের আরেক প্রধান প্রচারণা সহযোগী ফ্রান্সের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ব্রুনো লি মেয়ারও তার সঙ্গ ছেড়েছেন। কোনো প্রার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তকাজ চলার তার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কথা থাকলেও ফ্রাসোঁয়া ফিলন তা করেননি। এজন্য তার সমালোচনা করেন মেয়ার।









