ফেডারেশন কাপের ফাইনালে শুরুতেই নাটকীয়তা, ম্যাচের প্রথম ফ্রি কিক পেয়ে গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যবধান এক মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বিএফএলে বর্তমান চ্যাম্পিয়নরা। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে বসুন্ধরা কিংস।
বুধবার চতুর্থ মিনিটে কিংসের ডি-বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় মোহামেডান। ফ্রি কিক থেকে ফারপোস্টে দুর্দান্ত এক গোল করেন মুজাফফর মুজাফফরভ, ১-০তে এগিয়ে যায় মোহামেডান।
মিনিট খানেক পর বসুন্ধরার কাউন্টার অ্যাটাকে ডি বক্সে স্যামুয়েল রাকসামকে ফাউল করে মোহামেডান। সেই পেনাল্টি থেকে বসুন্ধরাকে সমতায় আনেন ডোরিয়েলটন গোমেজ। ১-১ সমতা আসে।
২৩ মিনিটে মোহামেডানের কাছে আবারও সুযোগ আসে এগিয়ে যাওয়ার। বসুন্ধরার ডি বক্সে মোহামেডান মিডফিল্ডার সাইফুল হাসানকে ফাউল করে বসুন্ধরার এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও গোল করতে পারেননি মুজাফফর।
বিরতির ১০ মিনিট আগে এগিয়ে যায় মোহামেডান। রাইট উইঙ্গারের দুর্দান্ত ক্রসে ডি বক্সের মাঝে বল পেয়ে যান সৌরভ দেওয়ান। জোরাল শটে গোল করতে ভুল করেননি তারকা ফরোয়ার্ড। পরে সৌরভ আরেকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি। বসুন্ধরাও সুযোগ পেয়ে গোল করতে পারেনি। ২-১তে এগিয়ে বিরতিতে যায় মোহামেডান।








