বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার দেয়া ২৪ জনের তালিকায় আধিপত্য বজায় রেখেছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল থেকে সর্বোচ্চ ৭জন ও বার্সা থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪জন করে জায়গা পেয়েছেন।
রিয়াল থেকে তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, দানি কারভাহাল, টনি ক্রুস, লুকা মডরিচ, কেইলর নাভাস ও মার্সেলো।
বার্সেলোনা থেকে মেসির সঙ্গে আছেন নেইমার (বর্তমানে পিএসজি খেলোয়াড়, মৌসুম হিসেবে বার্সায়), আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজ।
অন্যদের মধ্যে রয়েছেন পাওলো দিবালা, জিয়ানলুইজি বুফন, লিওনার্দো বোনুচ্চি, জ্লাতান ইব্রাহিমোভিচ ও এডেন হ্যাজার্ডের মতো তারকা খেলোয়াড়রাও।
বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনকে নির্বাচনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত ভোট দিতে পারবেন সমর্থকরা। এছাড়া ফিফার অধিভুক্ত দেশগুলোর অধিনায়ক, কোচ এবং নির্বাচিত সংবাদকর্মীরাও ভোট দিতে পারবেন।
বিশ্ব ফুটবলের ১১জন কিংবদন্তি সাবেক তারকার সমন্বয়ে গঠিত প্যানেল ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। প্যানেল আছেন- ডিয়েগো ম্যারাডোনা, কাফু, ল্যান্ডন ড্যানোভান, এনজো ফ্রান্সেসকোলি, অ্যালেক্স ফেরি, হিদেতোসি নাকাতা, জ্যাঁ জ্যাঁ ওকোচা, কার্লোস পুয়োল, কার্লোস ভালদেরমা, এডউইন ভ্যান ডার সার ও ইভান ভিচেলিচ।
ফিফার বর্ষসেরার ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা:
মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), নেইমার (বর্তমানে পিএসজি খেলোয়াড়, মৌসুম হিসেবে বার্সায়/ব্রাজিল), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা/স্পেন) লুইস সুয়ারেজ (বার্সেলোনা/উরুগুয়ে), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ/স্পেন), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ/জার্মানি), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ/কোস্টারিকা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল), পাওলো দিবালা (জুভেন্টাস/আর্জেন্টিনা), জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস/ইতালি), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস/ইতালি), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড/সুইডেন), এডেন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম), পিয়েরে-এমেরিক অবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড/গ্যাবন), অ্যান্তনে গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স), হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড), এনগোলু কান্তে (চেলসি/ফ্রান্স), রবার্ট লেভান্ডোভস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড), ম্যানুয়েল ন্যুয়ার (বায়ার্ন মিউনিখ/জার্মানি), অ্যালেক্সিস সানচেজ (আর্সেনাল/ চিলি), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ/চিলি)।








