পাকিস্তান সুপার লিগের সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাটসম্যান সারজিল খানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবির পক্ষ থেকে গঠিত দুর্নীতি দমন ইউনিট বুধবার এই রায় দেয়।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানাচ্ছে, সারজিল খান আড়াই বছর কোনও ধরনের ক্রিকেটেই খেলতে পারবেন না। নিষেধাজ্ঞার আড়াই বছর শেষ হলে কেবল মাত্র ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন।
সারজিলের আইনজীবী শায়ান ইজাজ জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর তারা আপিল করবেন।
ডন জানিয়েছে, কুরবানির ঈদের পরই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হতে পারে। রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবেন সারজিল।
২৮ বর্ষী সারজিল ছাড়াও পিএসএলের সময় স্পট ফিক্সিংয়ের জন্য আরও চারজন ক্রিকেটারের নাম উঠে আসে। বাকিদের মধ্যে আছেন- ব্যাটসম্যান খালিদ লতিফ, নাসির জামশেদ, শোয়াইব হাসান ও পেসার মোহাম্মদ ইরফান। এর মধ্যে ইরফানকে এক বছরের নিষেধাজ্ঞাসহ বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আর বাকিদের বিরুদ্ধে মামলা চলছে।







