ইরাকের ফালুজা থেকে জঙ্গিগোষ্ঠি আইএসকে পরাজিত করার ঘোষণা দিলেও এখনও শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে জঙ্গিরা।
সরকারি বাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে সংঘর্ষ । দু’পক্ষের সংঘর্ষে গত দু’দিনেই ৩শ এর বেশী সেনা ও জঙ্গি প্রাণ হারিয়েছে। তবে, সেনাদের দাবি এ সময়ে তাদের হাতে ৫শ এর বেশী জঙ্গি নিহত হয়েছে। সংঘর্ষ এড়াতে এরই মধ্যে শহর ছেড়ে পালিয়েছে ৮০ হাজারের বেশী মানুষ।
ইরাকি বাহিনীকে হটিয়ে ২০১৪ সালে গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয় জঙ্গিগোষ্ঠি আইএস। তাদের উৎখাতে প্রায় এক মাস ধরে অভিযানে নেমেছে ইরাকি বাহিনী। বিমান হামলা চালিয়ে তাদের সহায়তা করছে মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট বাহিনী।
শুক্রবার ফালুজা শহরের কেন্দ্রস্থল দখলে নেয় ইরাকি সেনারা। এরপরই ফালুজা লড়াইয়ে জয়ের ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। লড়াইয়ে জয়ের ঘোষণা দিলেও এখনো শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে আইএস। 
তাদের হঠাতে অভিযান জোরদার করেছে ইরাক ও তার মিত্র বাহিনী। দু’পক্ষের তুমুল লড়াইয়ে গত তিন দিনে ফালুজা শহর ছেড়েছে ৩০ হাজারের বেশী মানুষ। এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন শহরের ৮০ হাজার বাসিন্দা। জনগণ বিভিন্ন আশ্রয় শিবিয়ে ঠাঁই নিলেও বৈরি আবহাওয়ার মধ্যেও খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে অনেককে।
সাহায্য কর্মীরা এসব মানুষের জন্য জরুরী ত্রাণ সহায়তা যোগানোর আহবান জানিয়েছেন। না হলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। ওদিকে ইরাকি বাহিনী ফালুজার পাশাপাশি মসুল শহরও আইএস মুক্ত করার অভিযানে নেমেছে।
২০১৪ সালের জানুয়ারি থেকে আইএস জঙ্গিরা ইরাকের বিভিন্ন শহর দখল করায় বাস্তুচ্যুত ৩৪ লাখ ইরাকি জনগণকে ঘরে ফেরাতেই অভিযানের কথা জানিয়েছে ইরাকি বাহিনী।







