কদিন আগেই গুজব রটেছিল যে শ্রদ্ধা কাপুরকে নিয়ে আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের ঝগড়া হয়েছে। এমনকি হাতাহাতি করতেও নাকি দেখা গিয়েছে এই দুই তারকাকে। মিডিয়ায় বলা হয়েছিল ঝগড়া মেটাতে শ্রদ্ধা কাপুর ফারহানের বাসায় গিয়েছিলেন। এই সময় ফারহানের বাসার নিচে গাড়িতে বসে ছিলেন আদিত্য। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করে পুরো বিষয়টিকে উড়িয়ে দিলেন ফারহান।
ফারহান টুইটারে আদিত্যের সঙ্গে তোলা একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। করণ জোহরের পার্টির এই ছবিটিই প্রমাণ করছে যে তাদের মধ্যে দ্বন্দ্ব নেই বরং বন্ধুত্ব আছে। ছবির ক্যাপশনে ফারহান গুজব নিয়ে টিটকারি করে বলেছেন ‘দেখুন, এটাই সেই গুজব।’
‘আশিকি টু’ ছবির পর থেকে শ্রদ্ধা এবং আদিত্যের প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর ‘রক অন টু’ ছবিতে ফারহানের সঙ্গে অভিনয় করেন শ্রদ্ধা। এরপর ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন রটে শ্রদ্ধার। এমনকি তারা নাকি এক ছাদের নিচে থাকাও শুরু করেছিলেন। পরে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর জোর করে শ্রদ্ধাকে সেখান থেকে ঘরে ফিরিয়ে আনেন। সবগুলো খবরই অবশ্য শ্রদ্ধা গুজব বলে এড়িয়ে যান। মিড-ডে।








