আইসিসির কোড অব কনডাক্ট ভাঙার কারণে শাস্তি পেতে হলো টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসকে। শাস্তি হিসেবে ক্যারিবীয় তারকার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ফাইনালে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ।
ঘটনা ম্যাচের শেষ ওভারে। যখন ছয় বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৯ রান। বল করছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। ইংলিশ বোলারের বলে ক্যারিবীয় ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়েইট পরপর চারটি ছক্কা মারেন। দল জেতার সঙ্গে সঙ্গে স্টোকসকে লক্ষ্য করে আপত্তিকর বা অপমানজনক কথা বলেন স্যামুয়েলস।
খেলা শেষে ম্যাচ রেফারির কাছে রির্পোট করেন মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও রড টাকার। তাদের রির্পোটের ভিত্তিতে স্যামুয়েলসকে জরিমানা করেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
আইসিসির কোড অব কনডাক্টের লেভেল ওয়ান ভেঙেছেন স্যামুয়েলস। এখানে ২.১.৪ ধারায় বলা আছে ‘কোনো আন্তর্জাতিক ম্যাচে কোনাে খেলোয়াড় বা সার্পোট স্টাফের বিরুদ্ধে আপত্তিকর বা অপমানজনক বাক্য ব্যবহার বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ।’
এই অপরাধে সংশ্লিষ্ট খেলোয়াড়ের ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। মাত্রা ভিত্তিতে স্যামুয়েলসকে ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।










