ক্রিকেট

ফলোঅনের পথে উইন্ডিজ

ফলোঅনের পথে উইন্ডিজ

বিরাট কোহলি, পৃথ্বী শ’র সেঞ্চুরিতে রানপাহাড়ে চাপা পড়া উইন্ডিজ ব্যাটিংয়ে নেমেও দিশেহারা। দ্বিতীয় দিন ৬ উইকেট হারিয়ে ৯৪ রানে শেষ করেছে দলটি। ভারতের থেকে তারা পিছিয়ে ৫৫৫ রানে।

রাজকোটে ভারত টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৬৪৯ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের এটি দলীয় সর্বোচ্চ রান।

রাজকোটে আগের দিনই সেঞ্চুরি তুলে নেন ১৮ বছরে অভিষিক্ত পৃথ্বী। কোহলি দিনশেষে অপরাজিত থাকেন ৭২ রানে। দ্বিতীয় দিনে ফিরেছেন ১৩৯ রানে। ক্যারিয়ারের ২৪তম শতক তার।

১২৩ ইনিংসে ২৪তম শতক পেলেন ভারতীয় অধিনায়ক। এরচেয়ে কম ইনিংসে সেঞ্চুরির নজির আছে কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। তিনি ২৪টি সেঞ্চুরি হাঁকান ৬৬টি ইনিংস খেলে। এই সংখ্যক সেঞ্চুরি পেতে শচীনের লেগেছিল ১২৫ ইনিংস।

সেঞ্চুরি পেয়েছেন রবীন্দ্র জাদেজাও। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া ইনিংসে তিনি অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে।

জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তৃতীয় ওভারে ব্র্যাথওয়েট (২) বিদায় নেয়ার পর হোপ, পাওয়েলরাও দাঁড়াতে পারেননি। দিন শেষ হওয়ার আগে কেউ ৩০’র ঘরেই পা রাখতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে রোস্টন চেসের ব্যাট থেকে, ২৭।

মোহাম্মদ সামি ৬ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট অশ্বিন, জাদেজা এবং কুলদ্বীপের।

বিষয়:ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…