ষাটের দশকের প্রখ্যাত কন্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি মাসুদ রানার স্রষ্টা, সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের স্ত্রী এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের বড় বোন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোকাভিভূত চ্যানেল আই পরিবার।
ষাটের দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন চলে গেলেন অনেকটা নিরবেই। পরিবারে ৫ বোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন ফরিদা ইয়াসমিন। বোনদের মধ্যে চার বোনই গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাকিরা হলেন ফওজিয়া খান, মরহুম কন্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন এবং জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে দুই সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে সেগুনবাগিচার বাসায় নেওয়ার হবে শিল্পীর মরদেহ। পরে দাফন করা হবে বনানি কবরস্থানে।







