বল হাতে প্রথমে তোপ দাগলেন ফরহাদ রেজা। পরে ব্যাটিংয়ে দারুণ এক শতক তুলে নিলেন সাইফ হাসান। ব্যাট-বলের দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর।
মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রাইম দোলেশ্বরের জয়টা ৬ উইকেটের। ২৩০ রানের জবাবে ২৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ফরহাদ রেজার দল।
বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ফরহাদ রেজার তোপে ৪৯ রানেই অধিনায়ক ইমরুল কায়েসের উইকেটসহ টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে খোয়ায় গাজী গ্রুপ। চার উইকেটের তিনটিই ফরহাদের শিকার।
বিপর্যয়ে থাকা গাজীকে টেনে তোলে পঞ্চম উইকেটে শামসুর রহমান শুভ ও ভারতীয় পারভেজ রসুলের ১০৪ রানের জুটি। পাঁচ রানের জন্য শুভ হাতছাড়া করলেও রসুল তুলে নিয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ৬৩ বলে ৬৭ করা কাশ্মীরের এ ব্যাটসম্যানকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন স্পিনার আরাফাত সানি।
শেষদিকের ব্যাটসম্যানরা বড় রকমের সংগ্রহ এনে দিতে না পারায় ২৩০ রানেই থামে গাজীর ইনিংস।
প্রথম সারির তিন ব্যাটসম্যানসহ ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন ফরহাদ। ৩ উইকেট নিয়েছেন অলরাউন্ডার সৈকত আলী। দুই উইকেট পেয়েছেন আরাফাত সানি।
জবাবে ১৬ রানের মাথায় ওপেনার সৈকতকে হারালেও ফরহাদ হোসেনকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সাইফ। ১৯ রানে ফরহাদ আউট হলে সাইফকে সঙ্গ দেন মার্শাল আইয়ুব। তৃতীয় উইকেট জুটিতে আসে ৮৯ রান।
১২৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় সাইফ ১০২ রান করে কামরুল ইসলাম রাব্বীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তারপরও ম্যাচ জিততে ঘাম ঝরাতে হয়নি দোলেশ্বরকে। পাকিস্তানি শাদ নাসিমকে নিয়ে ম্যাচ সেরা ফরহাদ রেজার ঝড়ো ৪২ রানের জুটিতে ৪৬তম ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।
ফতুল্লায় দিনের আরেক ম্যাচে বিকেএসপির বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ওপেনার রবিউল ইসলাম রবির ৭৫ রানের কল্যাণে ২১২ রানের মাঝারি সংগ্রহ পায় খেলাঘর। জবাবে নির্ধারিত ওভার শেষে ১৮৫ রানে থামে বিকেএসপির ইনিংস।







