অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য তিনটি ফটোগ্রাফি অ্যাপ এনেছে গুগল। ‘অ্যাপসপেরিমেন্ট’ প্রোগ্রামের অংশ হিসেবে অ্যাপ তিনটি উন্মুক্ত করেছে এ সার্চ জায়ান্ট।
গুগল জানিয়েছে, অ্যাপ তিনটির মধ্যে স্টোরিবোর্ড ব্যবহার করা যাবে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসে, স্ক্রাবিজ আইওএস ডিভাইসে এবং সেলফিসিমো ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই।
স্টোরিবোর্ড অ্যাপটি ভিডিও ক্লিপ থেকে ছয়টি পর্যন্ত আলাদা ফ্রেম বাছাই করে কমিক বুক স্টাইলে একটি কোলাজ তৈরি করে দেবে। তবে কোলাজ তৈরির জন্য পছন্দের লেআউট বেছে নেওয়ার সুবিধা থাকছে অ্যাপটিতে।
গুগল জানিয়েছে, প্রায় ১.৬ ট্রিলিয়ন লেয়াউট কম্বিনেশন পাওয়া যাবে এখানে।

সেলফিসিমো অ্যাপের নাম দেখেই বোঝা যায় অ্যাপটি সেলফি তোলার জন্য। তবে এই অ্যাপের বিশেষত্ব হলো একটানা সেলফি তুলতে থাকবে এটি। প্রতি পোজেই একটি সেলফি নেবে সেলফিসিমো। ফলে যারা একসাথে অনেক সেলফি তুলতে চান, তাদের জন্য বারবার ক্যামেরায় ক্লিক করার প্রয়োজন পড়বে না। সেলফি নেওয়া শেষে সেগুলো পাশাপাশি রেখে দেখাও যাবে।

স্ক্রাবিজ অ্যাপটি ব্যবহার করে নিজের পছন্দমতো রিমিক্স ভিডিও তৈরি করা যাবে। একটি ভিডিও ক্লিপের ফ্রেম সামনে বা পেছনে টেনে তৈরি করা যাবে ভিডিও লুপ।
অ্যাপ তিনটি ইতোমধ্যেই প্লে স্টোর এবং আইওএস স্টোরে উন্মুক্ত করা হয়েছে। অ্যাপসপেরিমেন্ট প্রোগ্রামের অধীনে সামনে আরও অ্যাপ পাওয়া যাবে বলেও জানিয়েছে গুগল।








