মানচিত্র ছাড়াও ‘গুগল ম্যাপ’ যেসব বাড়তি সুবিধা দেয়

শুধু পথের নির্দেশনাতেই থেমে নেই গুগল ম্যাপ। আধুনিক সময়ে নাগরিক জীবনে পথচলার অন্যান্য অনুষঙ্গও এখানে যুক্ত করেছে এই সার্চইঞ্জিন জায়ান্ট। শুধু একটি এলাকা নয়, বরং ওই এলাকায় প্রয়োজনীয় স্থাপনাগুলোর অবস্থান, রাস্তার খবরাখবর জানাতে পারে গুগল ম্যাপ।
তবে গুগল ম্যাপে থাকা এসব ফিচার সম্পর্কে অনেক ব্যবহারকারী তেমন একটা ধারণা রাখেন না। তাই দেখা যাক মানচিত্র দেখানো ছাড়াও গুগল ম্যাপ আরও কী বাড়তি সুবিধা দেয়:
অফলাইনে ম্যাপ দেখা
অনেকসময় মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা ব্যালেন্স থাকে না। তাই ইন্টারনেট কানেকশন থাকাকালীন প্রয়োজনীয় ম্যাপটি ‘ডাউনলোড’ করে ‘সেভ’ করে রাখুন। পরে অফলাইনে থাকলেও দেখতে পাওয়া যাবে সেই ম্যাপ।
ট্রাফিক কখন কোথায় কেমন
রাজধানী ঢাকার কথা উঠলেই ওঠে ট্রাফিক জ্যামের কথা। এ শহরে সপ্তাহে বার হিসাব করে পথ চলাই বুদ্ধিমানের কাজ। যেমন নিউমার্কেট এলাকায় শপিং ছাড়া যদি কারও সঙ্গে সাক্ষাত বা মিটিং থাকে তাহলে মঙ্গলবার বেছে নেয়াই ভালো। কারণ সেদিন নিউমার্কেট বন্ধ থাকে।
এরকম ট্রাফিকজ্যাম বিহীন বা জ্যামে জমে থাকা সড়ক সম্পর্কে জানাতে পারে গুগল ম্যাপ। এজন্য গুগল ম্যাপের এই অপশনটি ভাল বোঝা যায় ডেস্কটপে। ‘রিয়েল টাইম ট্রাফিক’-এ ক্লিক করলে তিনটি সমান্তরাল লাইন দেখা যাবে, যেখানে ড্রপ-ডাউন মেনু রয়েছে।
‘ট্রাফিক’ অপশনে গিয়ে ‘লাইভ ট্রাফিক’ থেকে ‘টিপিক্যাল ট্রাফিক’ করে নিন। তার পরে সপ্তাহের কোন দিনের কোন সময়ের খবর জানতে চাইছেন তা টাইপ করলেই জেনে যাবেন সব তথ্য।
কাছাকাছি থাকা এটিএম বুথ, হোটেল-রেস্টুরেন্টের অবস্থান
অপরিচিত জায়গায় গিয়ে পকেট কিংবা পেট খালি হয়ে গেলেও চিন্তা নেই। গুগল ম্যাপের সার্চ বারে গিয়ে ‘মোর’ ক্লিক করলেই কাছাকাছি থাকা এটিএম বুথ, হোটেল, ক্যাফে-রেস্টুরেন্টের অবস্থান দেখা যাবে।
পছন্দের জায়গা ‘পিন’ করে রাখুন
কোনও জায়গার ম্যাপ সেভ করে রাখতে ‘ড্রপ্ড পিন’ করে নিন সেই স্থান। পরে কখনও সেই জায়গায় যেতে হলে, ‘ইয়োর প্লেসেস’-এ গেলেই পাওয়া যাবে পছন্দের জায়গা।
ডেস্কটপ থেকে ডিরেকশন পাঠান নিজের মোবাইলে
ডেস্ক টপে গুগল ম্যাপ ব্যবহার করে সেটা রাস্তায়ও কাজে লাগাতে পারেন। কারণ অতভারী ডেস্কটপ তো আর বহন করে হাঁটা যায় না। তাই ডেস্কটপে দেখা ম্যাপটি পাঠিয়ে রাখতে পারেন নিজের মোবাইলফোনে।
ডেস্কটপ ও মোবাইল ফোন একই অ্যাকাউন্ট দিয়ে খুললেই এই কাজটি করা যাবে। ডেস্কটপে ‘সেন্ড টু ডিভাইস’ অপশনে ক্লিক করুন এবং খোলা রাখুন ‘সেন্ট ফ্রম ডেস্কটপ ম্যাপ’ অপশনটি। ডেস্কটপ থেকে কিছু পাঠালে মোবাইলে নোটিফিকেশন পাবেন।






