ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭ম দিন প্রদর্শিত হয়েছে আফগান শরণার্থীদের নিয়ে নির্মিত অস্ট্রেলিয়ার নির্মাতা রবিন হুগেনের ‘পয়েট্রি অফ ওমেগ’।
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব এলাকায় বাস করা হাজারা সম্প্রদায়ের মানুষের জীবন নিয়ে নির্মিত রবিন হুগেনের পয়েট্রি অফ ওমেগ।হাজারা সম্প্রদায়ের এসব বেশিরভাগ মানুষই মূলতঃ পাকিস্তান এবং আফগানিস্তানের শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছে অস্ট্রেলিয়ায়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের প্রতি সম্মান হিসেবে পয়েট্রি অফ ওমেগ নিয়ে উৎসবে অংশ নিয়েছেন হুগেন।
নির্মাতা রবিন হুগেন বলেন, শরনার্থী জীবনের দুঃখ, কষ্ট ও কান্নাই মূলত আমি আমার চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করেছি।
চেষ্টা করেছি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে বাস করা হাজারা সম্প্রদায়ের মানুষের ওপর ভিত্তি করে শরনার্থী সমস্যাকে তুলে ধরা।আমি আশা করি বাংলাদেশী দর্শকদের এই চলচ্চিত্রটি আকৃষ্ট করবে।
চলচ্চিত্রপ্রেমীদের সুবিধার জন্য পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর মিলনায়তনসহ রাজধানীর বিভিন্ন এলাকার একযোগে চলছে উৎসব।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান বলেন, দর্শকদের রুচিটাকে উন্নত করার চেষ্টা করা এবং ফিল্ম মেকারদের বাইরের ফিল্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটাও একটা বড় লক্ষ্য।সেই লক্ষ্যেই ফেস্টিভালটা হয়।
আগামী ২২ জানুয়ারি শেষ হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।







