রফিক শিকদারের পরিচালনায় ‘হৃদয়জুড়ে’ ছবিতে অভিনয় করছেন কলকাতায় নায়িকা প্রিয়াংকা সরকার। আগামীকাল এ ছবির মহরত অনুষ্ঠিত হবে। মহরতে অংশগ্রহণের জন্য ঢাকায় এসে পৌছেছেন তিনি। ভারতের একটি বিমানে আজ শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। এসেই তার থাকার জন্য নির্ধারিত হোটেলে চলে যান।
নির্মাতা বলেন, ‘ঢাকায় তিনি দুদিন অবস্থান করে আগামী ২৬ ফেব্রুয়ারি কলকাতা চলে যাবেন। ছবির শুটিং শুরু হবে ৪ মার্চ। এর আগে ২রা মার্চ তিনি ঢাকায় আবার আসবেন। এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। ছবিতে প্রিয়াংকার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের নিরব।
ছবিতে কলকাতার নায়িকা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির গল্প অনুসারেই তাকে নেয়া হয়েছে। তাছাড়া ছবিতে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়াও আমার উদ্দেশ্য। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।’







