৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এফডিসিতে অভিনয়শিল্পীদের মধ্যে জোর প্রচারণা চালাচ্ছেন। এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। প্যানেলগুলো হলো— মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। গতকাল মঙ্গলবার এফডিসিতে তিন প্যানেলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে উপস্থিত হন ভিন্ন ভিন্ন সময়ে। বিকালে তাদের পদচারণায় মুখর ছিল এফডিসি। এ সময় চ্যানেল আই অনলাইনের সঙ্গে তিন প্যানেলের সভাপতি প্রার্থীর সঙ্গে কথা হয়। আলাপকালে নির্বাচিত হলে চলচ্চিত্রশিল্পীদের কী কী করবেন, তা তুলে ধরেন।
মিশা সওদাগর
চলচ্চিত্রশিল্পীদের মধ্যে এখন ঐক্যের অভাব রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। খোদ শিল্পী সমিতির বর্তমান কমিটিই শিল্পীদের ঐক্য আনা ও তাদের উন্নয়নের জন্য কিছু করতে ব্যর্থ হয়েছে। আমরা শিল্পীদের এই সমস্যাগুলো খুব ভালোভাবে চিহ্নিত করেছি। নির্বাচিত হলে শিল্পীদের মধ্যে ঐক্য এনে তাদের জীবনমান উন্নয়নে কাজ করব। আর যারা সিনিয়র শিল্পী আছেন, তাদেরকে নিয়ে উপদেষ্টা কমিটি করব। তাদের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব। এছাড়া চলচ্চিত্রেশিল্পীদের মধ্যে পেশাদারিত্ব আনতে কাজ করব।
ওমর সানি
আমরা এর আগে শিল্পীদের সমস্যাগুলো দুর করার জন্য চেষ্টা করেছি। কিন্তু সব সমস্যা দূর করতে একটু সময় লাগবে। তাই আমাদেরকে আরেকবার জয়ী করে আনতে হবে। নয়তো শিল্পীদের উন্নয়নে যেসব কাজ এখন চলছে, সেগুলো বাস্তবায়ন কঠিন হবে। এছাড়া ভিডিও পাইরেসি দুর করতে আমরা সরকারের সহযোগিতায় কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। এখন পাইরেসি তুলনামুলক কম হচ্ছে। সেই ধারাবাহিকতা রাখতেও আমাদেরকে আবার ভোট দিতে হবে। এছাড়া আরও অনেক সমস্যা রয়ে গেছে চলচ্চিত্রশিল্পীদের। আমরা জয়ী হলে সেসব সমস্যা দুর করব।
ড্যানি সিডাক
চলচ্চিত্রশিল্পীরা খুব অবহেলিত জীবনযাপন করছে। শিল্পীদের একটা সংগঠন থাকা সত্বেও তাদের পক্ষে কেউ কথা বলেনি। শিল্পী ও তাদের প্রজন্মের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ইতিপূর্বে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ভাবেনি। আমরা কথা দিচ্ছি, নির্বাচিত হলে তাদের সমস্যাগুলো দুর করব। আমরা যে মূল এজেন্ডা নিয়ে প্রচারণা করছি, সেগুলো হলো- সরকারি চাকরিজীবীদের মতো চলচ্চিত্রশিল্পীদের জন্য নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা, সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা, চলচ্চিত্রশিল্পীদের সন্তানদের জন্য ফ্রি পড়াশোনার ব্যবস্থা।
ছবি : সংগৃহীত








