বিশাল বিনিয়োগে আধুনিক অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠিত বরিশালের একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি। এ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৭ জন বলা হলেও নিয়মিত উপস্থিত থাকে ১০ জনেরও কম।
বরিশালের বাবুগঞ্জের ১২৭ নম্বর পূর্ব ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০১২-১৩ অর্থ বছরে নির্মাণ করা হয় স্কুলের ভবন। দৃষ্টিনন্দন আর মন কাড়া রঙে অধিদপ্তরের আধুনিক নকশায় তৈরি এই বিদ্যালয়টি।
এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর দুজন শিক্ষার্থীকে পড়ান ৪ জন শিক্ষক। অন্যান্য শ্রেণীতেও শিক্ষার্থী খুবই হতাশজনক। সকাল সাড়ে ৯টায় শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থী এবং তাদের উপস্থিতি কম থাকায় অনেক সময় ক্লাশই হয় না এখানে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপাশা হাই লুনা বলেন, এখানে আশেপাশে স্কুল বেশি তো তাই ছাত্রছাত্রী এই রকম।
স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, হতাশার মধ্যে আছেন তারাও। রায়হান শিকদার নামে একজন এলাকাবাসী বলেন, আপনারা (মিডিয়া) যে উদ্যোগ নিয়েছেন, আশা করি এর ফলে আমাদের কিছুটা উন্নতি হবে।
নিভৃত্ পল্লীর এই স্কুলগুলো প্রতি বছর ভর্তি হার কম হলেও তা বেশি দেখানো হয় বলে অভিযোগ করেছেন সদরে অবস্থিত বেশ কয়েকটি স্কুলের শিক্ষকরা।






