প্রথমবারের মতো আয়োজিত ‘প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে গাজী টিভি, রানার্স-আপ যমুনা টিভি।
টুর্নামেন্টের সমাপনী দিনে আজ ২৮ জুলাই বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল খেলায় গাজী টিভি ১২-২ গোলে পরাজিত করে যমুনা টিভিকে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ৬-২ গোলে।
চ্যাম্পিয়ন দল ট্রফি ও পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্স-আপ দল ট্রফি ও পনের হাজার টাকা প্রাইজ মানি এবং উভয় দলের খেলোয়াড়রা ব্যক্তিগত পদক লাভ করেন। ফাইনালের সেরা এবং আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গাজী টিভির আল আমিন সবুজ। তিনি মোট ৩৭ গোল করেন।
এরআগে প্রথম সেমিফাইনালে গাজী টিভি ৬-২ গোলে বাংলাভিশনকে আর দ্বিতীয় সেমিফাইনালে যমুনা টিভি ২-১ গোলে আরটিভিকে পরাজিত করে ফাইনালে ওঠে।









