প্রাণিদের সঙ্গে নির্মম আচরণ বন্ধে মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

প্রাণিকল্যাণ আইন ২০১৬ এর খসড়া, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সংশোধন আইন ২০১৭ এর খসড়া এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন ২০১৬, শিশু সংশোধন আইন ২০১৭’র খসড়াসহ বেশকিছু আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রাণিকল্যাণ আইনের খসড়ায় কোনো প্রাণিকে অপ্রয়োজনীয় পরিশ্রম করানো, গৃহপালিত প্রাণিকে প্রহার করা, বেওয়ারিশ প্রাণিকে হত্যা করাসহ মানুষ ছাড়া এমন অপরাধ কোনও প্রাণির সঙ্গে করা হলে সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদে জাতীয় মেধা তালিকায় শীর্ষে থাকা প্রার্থীদের দিয়ে পূরণ সংক্রান্ত প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সভায় ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ৫৩তম নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।






