জুনে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে থাকা চার দলের মধ্যে ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্পের সময়ও দুটি প্রস্তুতি ম্যাচ পাবেন মাশরাফিরা।
প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কাউন্টি ক্লাব এসেক্স। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান। আকরাম বলেন, ‘ইংল্যান্ডে আমরা ১০ দিন অনুশীলন করব। দুটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলব। একটিতে প্রতিপক্ষ এসেক্স, অন্য ম্যাচে আরেক দল থাকবে। আয়ারল্যান্ডে চারটির মত ম্যাচ খেলার পর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেব। সেখানে পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে আমাদের।’
ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করার জন্য বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৬ এপ্রিল। সেখান থেকে ৭ মে মাশরাফিরা আয়ারল্যান্ডে যাবে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে। ডাবলিনে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ মে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ১ জুন, ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয়টি কেনিংস্টন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা।








