‘পর্যাপ্ত প্রমাণের অভাবে’ আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ফিফার আপিল কমিটি। দলের হয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন তিনি।
গত মাসে চিলির বিপক্ষে সহকারী রেফারিকে ‘অশ্রাব্য’ গালি দেয়ার অভিযোগে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় মেসিকে। এরমধ্যে এক ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় ফুটবল জাদুকরকে।
এই মুহূর্তে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচে আছে আর্জেন্টিনা। এই অবস্থায় দলের সেরা তারকাকে হারানোয় বেকায়দায় পড়ে দেশটির ফুটবল ফেডারেশন।
মেসিকে আগে যে ১০ হাজার সুইফ ফ্রাঁ জরিমানা করা হয়েছিল, তাও এদিন বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুরু বিপক্ষে খেলতে পারবেন মেসি।
ফিফার আপিল কমিটি জানিয়েছে, মেসির আচরণ ‘অপ্রশংসনীয়’ ছিল, কিন্তু তার বিপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই।
বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচ বাকি আছে চারটি। পরের ম্যাচটি উরুগুয়ের মাঠে, ১০ আগস্ট। বিশ্বকাপ খেলতে হলে পয়েন্ট টেবিলে পাঁচের মধ্যে থাকতে হবে তাদের। চারে থাকলে আর কথা নেই, সরাসরি খেলা যাবে। পঞ্চম স্থানে থাকলে হোম এন্ড অ্যাওয়ে প্লে-অফ খেলে জিতলে রাশিয়া যাওয়া যাবে।







