প্রধান বিচারপতির বক্তব্যে শীর্ষ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া

অবসরের পর বিচারপতিদের রায় লেখা অসাংবিধানিক বলে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শীর্ষ আইনজীবীরা। এটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, যারা এর সঙ্গে ত্রয়োদশ সংশোধনী আনছেন তা উদ্দেশ্যমূলক। আইনজ্ঞ শাহদীন মালিকের মতে রায় লেখা দ্রুত করতে এই তাগাদা দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহা তাঁর দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে দেওয়া বাণীতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে মন্তব্য করেন। এতে তিনি বলেন অবসরে যাওয়ার পর বিচারপতিদের শপথ থাকে না বলে তার রায় লেখার অধিকার থাকে না। এই বক্তব্য নিয়ে নিজেদের মতামত জানান এটর্নি জেনারেল ও সাবেক আইনমন্ত্রী।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বিচারপতিরা যখন রায় ঘোষণা করেন তখন তারা কিন্তু বিচারপতি থেকেই রায় ঘোষণা করেন। রায়টা যখন একবার ঘোষণা হয়ে গেলো সেটিই হলো কোন মামলার রায়। পরবর্তীতে প্রশাসনিক কারণে সম্ভব হয় না যেদিন রায় ঘোষণা হলো সেদিনই রায় লিখে ফেলা। লেখাটা একটু পরবর্তীতে হয়। সেজন্য মাননীয় প্রধান বিচারপতি মনে হয় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বলেছেন। অনেক সময় মাননীয় বিচারপতিরা অবসরে গিয়ে রায় লিখতে দেরি করে এবং যে রুমটি তাদের জন্য নির্দিষ্ট থাকে সেটা অন্য বিচারক যারা কর্মরত আছেন তাদেরকে এলোট করা যায় না।
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটা প্রধান বিচারপতির নিজস্ব বক্তব্য। আদালতের কোন সিদ্ধান্ত না। আপিল বিভাগে যখন কোন রায় হয়, রায়টি ঘোষিত হয় যখন সব বিচারপতিরাই চাকুরিরত থাকেন বা পদে আসীন থাকেন। রায় ঘোষণার বিষয়টি হলো মুখ্য বিষয়, যে আপিল এলাও হলো না ডিসমিস হলো। বিস্তারিত ব্যাপারটা যদি পরে কেউ লেখে এবং এটা কিন্তু সই করেন আদালতের অন্যান্য সমস্ত বিচারপতিরা। আপিল বিভাগের পাঁচজন বিচারপতি যখন একটি মামলা শুনেন সেটা পাঁচজনেরই রায় বলে ধরতে হবে। একজন যদি অবসরে থাকেনও তার জন্য পুরো রায়টাতো বাতিল হতে পারে না। এটা অবৈধ গণ্য করার কোন স্কোপ নাই।
সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারী ও আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক বিষয়টিকে রাজনৈতিক হিসেবে না দেখে ইতিবাচক হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন।
শাহদীন মালিক বলেন, প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটি তার বিবৃতি। এটা রায় না। যেহেতু এটা রায় না সেজন্য ঐভাবে কোন শক্ত আইনগত ভিত্তি নাই। এটার মাধ্যমে কোন আইন তৈরি হচ্ছে না। রায় দেয়ার ব্যপারে একটা দীর্ঘসুত্রিতা হচ্ছে। আমরা মামলা শেষ করছি কিন্তু অনেক সময় রায় পেতে অনেক সময় লেগে যাচ্ছে। আমার মনে হয় ঔ অংশটাও গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতি তার উদ্বেগের কথা প্রকাশ করেছেন। এবং সবাইকে তাগিদ দিয়েছেন রায় তাড়াতাড়ি লেখার জন্য।
তবে সিনিয়র আইনজীবীরা প্রধান বিচারপতির বাণীকে বিতর্কিত না করার পক্ষে মত দেন।



