আগামী ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে তিস্তা চুক্তির ব্যাপারে ইতিবাচক সমাধান মিলবে বলে মনে করছেন আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘ দিনের। দলের সাধারণ সম্পাদক হওয়ায় আমাকে ভারতীয় হাইকমিশনার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে পার্টি টু পার্টি, পিপল টু পিপল-এর মধ্যে সম্পর্ক জোরদার করবো।’
“এ জন্যই কাজ করছি। বাংলাদেশের গণতন্ত্র নিজস্ব বিষয়। এ ক্ষেত্রে ভারতের কোনও পরামর্শ নেই। এ বিষয়ে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের ভূমিকা ইতিবাচক।”
ছিটমহল প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্ত চুক্তি ও ছিটমহল হস্তান্তরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে অবিশ্বাস, সন্দেহের দেওয়াল ভেঙে গেছে। দুই দেশের মধ্যে গঠনমূলক অংশীদারত্ব গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। বিমসটেক ও ব্রিকসের মাধ্যমে অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক মধুরতর হচ্ছে। তিস্তার পানি বণ্টন নিয়ে আমি আশাবাদী।’
তিস্তা চুক্তি নিয়ে ভারতের কোনও আপত্তি আছে বলে আমি জানি না মন্তব্য করে কাদের বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যেটুকু সমস্যা আছে তা সমাধান হবে।’








