প্রধানমন্ত্রীকে বহনকারী হাঙ্গেরিগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের কারণ খতিয়ে দেখতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয় গঠিত কমিটি বিমানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেয় রোববার।
রিপোর্টে বিমানের ইঞ্জিনিয়ারিং ও মেইটেনেন্স বিভাগের কয়েক কর্মকর্তার দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে আসে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
প্রধানমন্ত্রীর জীবননাশের উদ্দেশ্য আছে কিনা এমন কারণ খতিয়ে দেখতে মামলা করার সিদ্ধান্তের প্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে এগারটায় রাজধানীর বিমান বন্দর থানায় মামলা করা হয়।
মামলা করেন বিমানের ইঞ্জিনিয়ারিং ও মেইটেনেন্স বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান। ওই ঘটনায় বিমানের ৯ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।







