কোটা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি আন্দোলনকারীদের আস্থা রাখা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু গেজেট প্রকাশের দাবিতে আন্দোলন করার প্রয়োজন নেই।
কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কোটা আন্দোলনকারীরা। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা বলেন।
কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গত মাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।
দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ৭ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।
তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে নামে তারা।







