একাত্তরের জননী খ্যাত চট্টগ্রামের বিশিষ্ট লেখিকা বীরাঙ্গনা রমা চৌধুরীকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।
গুরুতর অসুস্থ অবস্থায় দুই সপ্তাহ ধরে চট্টগ্রাম মহানগরীর মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন রমা চৌধুরী। গত বছর ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে ৪ বার হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ গত ২৫ ডিসেম্বর বাসায় পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাকে চিকিৎসা না দিয়ে ৪ ঘন্টা ফেলে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর কোন চিকিৎসা না করিয়ে রমা চৌধুরী ক্ষুব্ধ হয়ে চমেক হাসপাতাল ছেড়ে প্রাইভেট মেডিকেল সেন্টারে ভর্তি হন।
গত ১৪ জানুয়ারি রমা চৌধুরীকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সব ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।








