গত কয়েক বছরের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বেলা ১২টার দিকে বিএনপির সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঈদকার্ড নিয়ে যান।
সেখানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সুবহান গোলাপের কাছে খালেদা জিয়ার পাঠানো ঈদকার্ড হস্তান্তর করেন।
আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা কার্ড দিয়েছেন, সেটি পৌঁছাতে আমরা এসেছি।”
দীর্ঘদিন দুই নেত্রীর মধ্যে মুখোমুখি সাক্ষাত কিংবা কথা না হলেও ঈদ ও বাংলা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।







