চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষের নায়ক হয়েছেন টাইগারদের হয়ে অভিষিক্ত টেস্টে পাঁচ উইকেট নেওয়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
ইনিংসের দশম ওভারে বল করতে এসে মেহেদি হাসান মিরাজ টাইগারদের হয়ে প্রথম উইকেট তুলে নেন। ফিরিয়ে দেন আরেক অভিষিক্ত বেন ডাকেটকে। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে ডাকেট করেন ৩৫ বলে ১৪ রান।
ইনিংসের ১২তম ওভারে মিরাজ ফেরার গ্যারি ব্যালান্সকে। মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ব্যালান্স এলবির ফাঁদে পড়েন। আম্পায়ার প্রথমত আউটের সিদ্ধান্ত না দিলেও মুশফিকের নেওয়া রিভিউয়ে আউটের ফাঁদে পড়েন ব্যালান্স (১)।
মধাহ্ন বিরতির পর মেহেদির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জো রুট (৩৮)। জো রুটকে স্লিপে দাঁড়ানো সাব্বিরের ক্যাচে পরিণত করেন মেহেদি।
এরআগে তিনবার আম্পায়ারের আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া মঈন অবশেষে ব্যক্তিগত ৬৮ রানে অভিষিক্ত মেহেদি হাসান মিরাজের চতুর্থ শিকারে পরিণত হন। মেহেদির বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন তিনি।
টেস্ট অভিষেকেই পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে নাম লেখান মেহেদি হাসান মিরাজ। ৮২তম ওভারে জনি বেয়ারস্টোকে নিজের পঞ্চম শিকারে পরিণত করে অভিষিক্ত টেস্ট স্মরণীয় করে রাখেন ১৮ বছর বয়সী এ অফস্পিন অলরাউন্ডার।








