ত্রপা মজুমদার। অভিনয়শিল্পী ও নির্দেশক। শুধু টিভি নাটক নয়, নিজেকে বিশেষভাবে ব্যস্ত রেখেছেন মঞ্চ নাটকে। মঞ্চে অভিনয় এবং নির্দেশনা দুটোতে তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া বিটিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’-তে প্রথমবারের মতো সঞ্চালনা করেছেন তিনি। ১১ অক্টোবর বুধবার তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে। মঞ্চের ব্যস্ততা, রিয়েলিটি শো’সহ নানাদিক নিয়ে কথা হলো তার সঙ্গে।
শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়, মঞ্চ নিয়ে এখন ব্যস্ততা কেমন? বললেন, হ্যাঁ সে ব্যস্ততা তো সবসময়ই রয়েছে। গঙ্গা-যমুনা নাট্যেৎসবে কোনো নাটক দেখানো হবে কিনা জানতে চাইলে বলেন, এই উৎসবে আগামী ১৩ অক্টোবর দেখানো হবে আমার নির্দেশিত নাটক `মুক্তি’। মা এবং তিন মেয়ের কাহিনী নিয়ে নাটকটি রচিত। এটা আসলে আমেরিকান একটা নাটকের ভাবানুবাদ।
এতো গেল নির্দেশক ত্রপা মজুমদারের ব্যস্ততা। কিন্তু অভিনয়? -নাটকটির নাম ‘মায়া নদী’। আমি সেখানে অভিনয় করেছি। বাংলাদেশের নদীগুলোর ওপর নাটকটি নির্মিত। নিজের অভিনয় নিয়ে বললেন ত্রপা।
এছাড়া তার নির্দেশনায় আসছে ‘বারাম খানা’ (ফকির লালন শাহের ওপর নির্মিত) এবং ‘কুহক জাল’ নাটক দুটোও।
নাটকের নির্দেশনা এবং অভিনয়ের পাশাপাশি ভিন্ন ধারার একটি কাজে সম্প্রতি তিনি অংশ নিয়েছেন। তা হল রিয়েলিটি শো-তে সঞ্চালনা করা।
অভিজ্ঞতা জানিয়ে বললেন, হ্যাঁ বেশ ভালো। একেবারে নতুন অভিজ্ঞতা। আর বিষয়টাও একটু ভিন্ন ধরণের। অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার (এইচডি মিডিয়া) উদ্যোগে সারা দেশে শুরু হওয়া এই টিভি রিয়েলিটি শোতে সঞ্চালনা করতে পারা সত্যিই আনন্দের। তাছাড়া আমি শুরু থেকেই এর সাথে যুক্ত ছিলাম।
এ বিষয়ে তারকা কথন অনুষ্ঠানে ত্রপা মজুমদারের সঙ্গে অংশ নেয়া জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ ( প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, একসেস টু ইনফরমেশন প্রকল্প) নাইমুজ্জামান মুক্তা বলেন, ‘বিষয়টি সত্যিই চ্যালেঞ্জিং এবং প্রশংসার যোগ্য। তৃণমূল পর্যায় থেকে আমাদের সম্ভাবনাময় তরুণদের আমরা খুঁজে আনতে পেরেছি এর মাধ্যমে।’

ছবি: ওবায়দুল হক তুহিন










