প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে নাগরিক সুবিধা প্রসঙ্গে ভাষণ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সরকারের উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক নয়, উন্নয়ন গ্রামকেন্দ্রিক। প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন: গ্রামে বসে যাতে মানুষ সব সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না এটাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটা পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে স্বপ্লোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি দেয় জাতিসংঘ। এমন প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে আজ গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় যত কন্টকাকীর্ণ বা বন্ধুর পথই হোক, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক, জাইকা, এডিবি, জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগিরা বাংলাদেশের অভুতপূর্ব উন্নয়নের প্রশংসা করে আগামী দিনেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী বলেন: দেশকে ভালোবাসলে চলার পথ খুব সহজ হয় না। সাময়িক কোন উন্নয়ন নয়, আগামী একশ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। দেশ ও মানুষের জন্য উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে।
তিনি আরও বলেন: ইতোমধ্যেই বাংলাদেশ শতভাগ বিদ্যুৎ এর সক্ষমতা অর্জন করেছে। এখন নৌ, রেল, সড়কপথে উন্নয়নের লক্ষ্যে ব্রিজ, কালভার্ট এবং পুল নির্মাণ করা হচ্ছে।
এই উদযাপনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা।






