চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আন্দোলনকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটছে তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক।
বুধবার রাতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানির সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য অনুরোধ জানান।
তারা যে বিষয়গুলোয় প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো: তদন্ত করে শনিবারের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ও রবিবারের শহিদ মিনারে হামলায় যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা গ্রহণ করা। যেসব শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে তাদের আইনি সহায়তা দেয়া। ছাত্রাবাসগুলোতে শিক্ষার্থীদের ওপর যে নীরব নির্যাতন ও নজরদারি চলছে তা বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেয়া এবং জাতীয় পর্যায়ে যাই ঘটুক না কেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা ও অনন্যতা রক্ষা করতে সচেষ্ট হওয়া।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন গীতি আরা নাসরীন, কাজী মারুফ, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সামিনা লুৎফা, রুশাদ ফরিদী, তৈয়বুর রহমান, মুনাসির কামাল, তাহমিনা খানম ও ফাহমিদুল হক।
প্রায় এক ঘণ্টাকালের ওই সভায় প্রক্টর শিক্ষকদের কথা মন দিয়ে শোনেন, তার নিজের ও তার টিমের ভূমিকা ও গৃহীত নানান পদক্ষেপের বিষয়ে শিক্ষকদের অবহিত করেন। এবং শিক্ষকদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে যথাযথ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।







