শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে প্রবেশ ও গেট বন্ধে নতুন নিয়ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে প্রবেশ ও গেট বন্ধে নতুন নিয়ম
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ছাত্রীরা রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন। আগে রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

এর আগে গত ১৭ আগস্ট ছাত্রী হলের প্রবেশের সময় রাত ১০টা থেকে ১১টা করার সুপারিশ করেছিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সিন্ডিকেট সভায় সেই সুপারিশ অনুমোদন দেওয়া হয়।

তবে শুধু এক ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট নন ছাত্রীদের আন্দোলনকারীরা। ‘বৈষম্যহীন নারী হল চাই’, ‘নারী হল সংস্কার আন্দোলন’ ও ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের কর্মীরা সিন্ডিকেট সভা চলাকালেও কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের দাবি, রাত ১১টার পর হলে প্রবেশের জন্য অনুমতি বা ‘লেট গেট’ ব্যবস্থার মতো নিয়ম থাকলে ছাত্রীদের ভোগান্তি থেকেই যাবে। বিশেষ করে জরুরি চিকিৎসা, রাতে যাতায়াত, টিউশনি, চাকরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়তে পারেন।

ছাত্রীদের যাতায়াতের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের পর হলে প্রবেশের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং বৈধ পরিচয়পত্র দেখিয়ে ছাত্রীদের হলে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারী প্ল্যাটফর্মগুলো।

ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ছাত্রীদের দাবির সঙ্গে প্রশাসন নীতিগতভাবে একমত। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও বাস্তবতার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

তিনি জানান, জরুরি চিকিৎসা এবং অভিভাবকদের হলে প্রবেশের সমস্যা এড়াতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিষয়ে সমাধানের জন্য একটি কমিটি কাজ করছে। ছাত্রীদের হলে প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণে পাঞ্চ কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিষয়:ছাত্রী হলঢাবিঢাবির প্রো-উপাচার্য
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…