ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ডাকসুর অনলাইন প্ল্যাটফর্ম চালু

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের মূল্যায়নের জন্য ‘ডিউভালুয়েশন ডটকম’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারীর পরিচয় গোপন রাখা হলেও সামগ্রিক ফলাফল সবার জন্য উন্মুক্ত থাকবে।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার উদ্যোগে প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। ডাকসু নির্বাচনের সময় শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করা ছিল তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি বলে জানান তিনি।
২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে শুরু করে পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ই-মেইল ব্যবহার করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ই-মেইলে পাঠানো কোড দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে।
প্ল্যাটফর্মে প্রবেশের পর শিক্ষার্থীরা শুধু নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি বেনামি রাখার ব্যবস্থা করা হয়েছে। ফলে কোনো শিক্ষার্থী কোনো শিক্ষককে কত নম্বর দিয়েছেন বা কী মতামত দিয়েছেন, তা প্রকাশ করা হবে না। তবে সব শিক্ষার্থীর মূল্যায়নের সামগ্রিক ফলাফল দেখা যাবে।
উম্মে উসওয়াতুন রাফিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালুর জন্য এর আগেও বিভিন্ন নীতিমালা ও খসড়া তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়ন হয়নি।
ডাকসুর কার্যক্রম শুরুর পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেন তিনি। তবে প্রশাসনিক প্রক্রিয়ায় বিষয়টি এখনো আটকে থাকায় নিজ উদ্যোগে একটি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেন।
রাফিয়ার ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাইরে থেকে উদ্যোগ নেওয়ায় প্ল্যাটফর্মটিকে কেন্দ্রীয়ভাবে বাধ্যতামূলক করার সুযোগ নেই। তাই এর কার্যকারিতা মূলত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর নির্ভর করবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষকদের মূল্যায়নের একটি উন্মুক্ত তথ্যভাণ্ডার তৈরি করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
উদ্যোক্তা জানান, ‘রেইট মাই প্রফেসরস’-এর মতো প্ল্যাটফর্ম থেকে এই উদ্যোগের ধারণা নেওয়া হয়েছে। তবে নতুন ব্যবস্থায় শুধু নির্দিষ্ট কোর্স বা শিক্ষককে মূল্যায়নের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের বিষয়ে সামগ্রিক ধারণা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তার মতে, মূল্যায়নের ফলাফল প্রকাশ্যে থাকায় এটি শিক্ষার মানোন্নয়নে এক ধরনের ‘এক্সটার্নাল প্রেসার’ হিসেবে কাজ করতে পারে।
রাফিয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু হলে সেটিই সবচেয়ে কার্যকর হতো। কিন্তু প্রশাসনিক পর্যায়ে বিষয়টি এখনো বিভিন্ন সভা ও পর্যালোচনার মধ্যে রয়েছে। তাই ডাকসু সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগে অন্তত একটি কার্যকর ব্যবস্থা চালুর চেষ্টা করেছেন তিনি।
ওয়েব অ্যাপ ব্যবহারের সময় কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে ডাকসুর নির্ধারিত ই-মেইলে যোগাযোগ করতে পারবেন। এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তা।
তবে ‘ডিউভালুয়েশন ডটকম’ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিকভাবে অনুমোদিত বা কেন্দ্রীয়ভাবে পরিচালিত কোনো প্ল্যাটফর্ম নয়। ফলে এর মূল্যায়ন পদ্ধতি, ফলাফল যাচাই এবং সংগৃহীত তথ্য কীভাবে ব্যবহৃত হবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান এখনো জানা যায়নি।






