গত ৩০ এপ্রিল প্রকাশ পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’র ছবিটির প্রথম পোস্টারটি। এতে কাঁচা-পাকা দাড়িতে ভিন্ন রকম লুকে হাজির হয়েছিলেন রণবীর কাপুর।
এরই ভেতর হিরানি টুইটারে শেয়ার করেছেন সঞ্জুর আরো একটি নতুন পোস্টার। পোস্টারটিতে রণবীর কাপুরের সাথে দেখা মিলেছে সোনম কাপুরের।
সেখানে তাদের দুজনকে হাসতে দেখা যায়। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’র মাধ্যমে প্রথম বড়পর্দায় অভিষেক ঘটে রণবীর-সোনমের। এর ১১ বছর পর এবার আবার একসাথে তাদের পর্দায় দেখা যাবে।
রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ ছবিটি মূলত বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে। ছবিটিতে দেখানো হয়েছে সঞ্জয়ের জীবনের নানা কাহিনী। এবারের পোস্টারে দেখানো হয়েছে প্রেমিক সঞ্জুকে। সঞ্জয় দত্ত অনেক নারীর সাথেই প্রেম করেছেন। এ নিয়ে অনেক ঝড়ও বয়ে গেছে তার জীবনে। ‘সঞ্জু’তেও তার প্রেমের কাহিনীও তুলে ধরেছেন রাজকুমার হিরানী।
‘সঞ্জু’র টিজার আগে প্রকাশ পেলেও আগামী ৩০ মে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ছবিটির ট্রেলার প্রকাশ পাবে বলে জানিয়েছেন হিরানি। ‘সঞ্জু’তে সঞ্জয়ের বাবা-মা সুনীল দত্ত ও নার্গিস চরিত্রে দেখা যাবে যথাক্রমে পরেশ রাওয়াল ও মণীষা কৈরালাকে। বিশেষ চরিত্রে আছেন আনুশকা শর্মা। আরো আছেন টাবু, দিয়া মির্জা, ভিকি কুশাল ও জিম সার্ব।
সিনেমাটি প্রযোজনা করেছে বিধু বিনোদ চোপড়া ফিল্ম, রাজকুমার হিরানি ফিল্মস ও ফক্স স্টার স্টুডিও। ছবিটি মুক্তি পাবে ২৯ জুন।







