তিন দিন পেরোয়নি সদ্যজাত পুত্র সন্তান হারানোর কথা জানিয়ে যোগাযোগ মাধ্যমে আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বরাবরের মতোই কঠিন সময় ভুলে পুত্র শোক কাটিয়ে দ্রুতই ফিরেছেন রেড ডেভিলদের অনুশীলন ক্যাম্পে। বৃহস্পতিবার রালফ র্যাঙ্গনিকের অনুশীলনে দেখা গেছে পর্তুগিজ সুপার স্টারকে।
আগের ম্যাচে রেকর্ড ৬০ তম হ্যাটট্রিক আদায় করার পরও পুত্রের মর্মান্তিক মৃত্যুতে মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারেননি ৩৭ বর্ষী ফুটবলার। ম্যাচে ৪-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছে তার দলকে। কঠিন হয়ে পড়েছে চ্যাম্পিয়নস লিগের রেসে টিকে থাকা। তাই দলের প্রয়োজনে দ্রুতই ফিরছেন মাঠে। আর্সেনালের বিপক্ষে দেখা যাওয়ার সম্ভাবনায় বেশি।
গত সোমবার স্ত্রী জর্জিনা রদ্রিগেজ দুটি সন্তান জন্ম দেয়। যেখানে মেয়ে শিশুটি সুস্থ থাকলেও ছেলে শিশুটি মারা যায়। যার ফলে গভীর দুঃখ অনুভব করেছিলেন রোনালদো।
রেড ডেভিলদের ডেরায় ফিরে শুক্রবার যোগাযোগ মাধ্যমে দুঃসময়ে পাশে থাকায় ভক্তদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রোনালদো।
‘আমার প্রিয় ঘর। জিও এবং আমাদের বাচ্চা মেয়ে অবশেষে একসাথে আছি। আমদের সমর্থন দেয়ার জন্য ও সহমর্মিতা প্রকাশ করায় সবাইকে ধন্যবাদ। আপনাদের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ এবং আমার পরিবারের জন্য আপনাদের ভালবাসা দেখে সম্মান অনুভব করছি। এখন সময় এসেছে সেই জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়ার যা আমাকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি।’








