পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড (আইএলএফএসএল) থেকে অপসারিত প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ২০ জনের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
“৩৫০০ কোটি টাকা নিয়ে চম্পট” শিরোনামে প্রশান্ত কুমার হালদারকে নিয়ে পত্রিকায় খবর প্রকাশের পর সম্প্রতি চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ছাড়া অন্যরা হলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. নুরুল আলম, পরিচালক জহিরুল আলম, এমএ হাশেম, নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জী, পাপিয়া ব্যানার্জী, মোমতাজ বেগম, নওশেরুল ইসলাম, আনোয়ারুল কবির, প্রকৌশলী নরুজ্জামান, আবুল হাশেম, মো. রাশেদুল হক, পি কে হালদারের মা লীলাবতী হালদার, স্ত্রী সুস্মিতা সাহা, ভাই প্রিতুষ কুমার হালদার, চাচাতো ভাই অমিতাভ অধিকারী, অভিজিৎ অধিকারী, ব্যাংক এশিয়ার সাবেক পরিচালক ইরফান উদ্দিন আহমেদ, পি কে হালদারের বন্ধু উজ্জ্বল কুমার নন্দী।
স্বরাষ্ট্র সচিবকে এদের পাসপোর্ট জব্দের নির্দেশ বাস্তবায়ন করে আগামী ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
এছাড়া এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এদের নগদ অর্থ, গাড়ি, মজুদসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি কোন ব্যক্তি বা সংস্থার কাছে হস্তান্তর না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আইএলএফএসএল’র সাত বিনিয়োগকারীর টাকা ফেরত চেয়ে করা মামলার শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়। মঙ্গলবার আদেশটি প্রকাশ করা হয়। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এএসএম শাহরিয়ার কবির।
আদালত আইএলএফএল পরিচালনার জন্য স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইব্রাহিম খালেদকে নিয়োগ দিয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে জানাতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়ে আদালত আদেশে বলেছে, নতুন চেয়ারম্যানকে সুসজ্জিত স্বতন্ত্র অফিস কক্ষসহ মাসিক সম্মানী হিসেবে ৩ লক্ষ টাকা দিতে হবে।
এছাড়া পুঁজিবাজারে তালিকাভূক্ত পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল, পি অ্যান্ড এল অ্যাগ্রো, পি অ্যান্ড এল ভেনচার, পি অ্যান্ড এল বিজনেস এন্টারপ্রাইজ, হল ইন্টারন্যাশনাল, হল ট্র্যাভেলস, হল ট্রিপ, হল ক্যাপিটাল, হল টেকনোলোজি, আনন ক্যামিকেল, নর্দার্ন জুট, সুখন্দা লিমিটেড অ্যান্ড রেপটাইল ফার্ম সম্পর্কে বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধককে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ‘সাত আবেদনকারী স্থায়ী আমানত হিসাবে প্রায় ৮৫ মিলিয়ন টাকা জমা দিয়েছিলেন। আমানত পরিপক্ক হওয়ার পর আমানতকারীরা তাদের আমানতের টাকা উত্তোলনের জন্য আবেদন করলে তাদের জানানো হয় আইএলএফএসএল অমানতের টাকা দিতে অক্ষম। ওই পরিস্থিতিতে আমানতকারীরা কোম্পানিটিকে দেওলিয়া ঘোষণা করার জন্য আরজি জানিয়ে ২০১২ সালের ডিসেম্বরে হাই কোর্টে আবেদন করেন। সর্বশেষ গত ১২ জানুয়ারি আইএলএফএসএল আদালতে একটি লিখিত দিয়ে বলে, বর্তমান অবস্থায় আইএলএফএসএল এখন একসাথে তার সমস্ত পাওনাদারদের পাওনা পরিশোধ করতে পারবে না। তবে কোম্পানি যত তাড়াতাড়ি সম্ভব আবেদনকারীদের অর্থ ফেরত দিবে।’
এদিকে হাইকোর্ট তার আদেশে বলেছেন, ‘দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে কোম্পানিটিকে (আইএলএফএসএল ) দেওলিয়া ঘোষণা না করার পরিবর্তে যদি অভিজ্ঞ, সৎ,দক্ষতাসম্পন্নদের দিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনার সুযোগ পায় তাহলে বরং কোম্পানিটির অংশীদার ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত হবে।’
অন্যদিকে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে পৌনে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৮ জানুয়ারি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।










