তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন: পার্বত্য চট্টগ্রাম নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এ ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। দেশের শান্তিতে যারা খুশি নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা খুশি নয়।’
রাঙ্গামাটির সাজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সিএইচটি ডে মাউন্টেনবাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
তিনি এসময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মোঃ সফিকুল আহম্মদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামটি পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জনপ্রতিনিধি স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রশাসনিক কর্মকর্তারা।
বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০ প্রতিযোগিতার ১ম দিনে উদ্বোধনর পর সোমবার বিকেলে সাইক্লিস্টসরা রাঙ্গামাটি সাজেক থেকে যাত্রা করে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে অবস্থান করবেন।
মঙ্গলবার রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়াম থেকে বান্দরবান স্টেডিয়ামের উদ্দেশ্যে বাইসাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।







