নরসিংদীর ঘোড়াদিয়ায় স্ত্রী ও শিশুপুত্রকে জবাই করে হত্যা করেছে ফখরুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলো: রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী শিশুপুত্র সালমান সাফায়ার।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সাথে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লেগে থাকত রেশমি আক্তারের।
‘এছাড়া বিয়ের পর চাকরী না থাকায় ফখরুল মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে রিহ্যাবে দেয় তার বাবা-মা। স্ত্রীর অনুরোধে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে পারিবারিক কলহের জের ধরে রোববার দিবাগত গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।’
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








