পাকিস্তানের মাটিতে গিয়ে কোহলিকে সেঞ্চুরি করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেশটির কোচ মিকি আর্থার।
বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে কোহলি সম্প্রতি ৯টি টেস্ট খেলুড়ে দেশের মাটিতে সেঞ্চুরি করার নজির গড়েছেন। তার এখনো পাকিস্তানে খেলা হয়নি।
আর্থার মনে করেন পাকিস্তানে এসে রান করা কোহলির জন্য কঠিন হবে, ‘কোহলি দারুণ খেলোয়াড় কিন্তু আমাদের দল তার সেঞ্চুরির কাজটা কঠিন করে তুলবে।’
‘পারলে সে করে দেখাক। পাকিস্তানের মাটিতে তার রান করা দেখাটা দারুণ ব্যাপার হবে। কিন্তু আমাদের বোলাররা সহজে ছাড়বে না।’

গত সপ্তাহে সাউথ আফ্রিকার বিপক্ষে ওডিআই ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি হাঁকান কোহলি। ৯ দেশে সেঞ্চুরির রেকর্ড সেদিনই করেন।
ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসান সময়ের অন্যতম সেরা ক্লাসিক ব্যাটসম্যান। ভারতীয় অধিনায়ক হিসেবে দুজনেরই এখন ১১টি সেঞ্চুরি। এই রেকর্ডে সৌরভ একটি জায়গায় অনেক পিছিয়ে। অধিনায়ক কোহলি ১১টি সেঞ্চুরি করলেন ৪১ ইনিংসে। সেখানে সৌরভের লেগেছিল ১৪২ ইনিংস।
৯ দেশের মাটিতে সেঞ্চুরি করার রেকর্ড আছে শুধুমাত্র শচীন টেন্ডুলকার এবং সনাথ জয়সুরিয়ার। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি নেই শচীনের। জিম্বাবুয়েতে নেই জয় সুরিয়ার।







