পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলে তার জায়গা নিতে পারেন ছেলে হামজা শাহবাজ।
আগামী দু’মাসেরও কম সময়ে অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের ভেতরকার এক সূত্রের বরাতে ডন জানিয়েছে, এ অবস্থায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের জায়গায় ছেলেকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
হামজাকে মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনার পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, শাহবাজ পাঞ্জাবের ক্ষমতা পরিবারের লোকের হাতেই রাখতে চান। তবে শুধু এটাই একমাত্র কারণ নয়। ‘বাইরের কারও চেয়ে’ ছেলের সঙ্গে কাজ করতে তিনি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলেও ওই সূত্র ডনকে জানিয়েছে।
তবে সবকিছুর পরও দলের প্রধান হিসেবে একমাত্র নওয়াজ শরীফই সিদ্ধান্ত নেবেন কার কাঁধে যাবে পাঞ্জাবের দায়িত্ব। দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মী জানান, পিএমএল-এন এখন কিছুতেই পাঞ্জাবের মতো এত গুরুত্বপূর্ণ একটি আসনের ওপর দখল হারাতে পারবে না। বিশেষ করে যেখানে পরবর্তী সাধারণ নির্বাচনে সময় বাকি এক বছরেরও কম।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএমএল-এনের এক সিনিয়র নেতা বলেন, ‘শাহবাজ পাঞ্জাবে ক্ষমতার বাকি মেয়াদের জন্য তার ছেলেকে চান, যিনি ইতোমধ্যেই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে পদটির জন্য হামজা উপযুক্ত কিনা তার সিদ্ধান্ত নওয়াজ শরীফেরই হাতে।’
ওই নেতা আরও জানান, প্রধানমন্ত্রী হওয়ার পরও শাহবাজ পরোক্ষভাবে পাঞ্জাবের বিষয়াদি দেখাশোনা করবেন। অন্যদিকে নওয়াজ শরীফ কেন্দ্রের দেখাশোনা করবেন।
শাহবাজ শরীফ পার্লামেন্টের ভোটে জিতে প্রধানমন্ত্রীর আসন নেয়ার আগ পর্যন্ত আপাতত ৪৫ দিন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসি।







